যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পরমাণু কর্মসূচি থেকে সরবে না ইরান

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পরমাণু কর্মসূচি অব্যাহত রাখা হবে। গতকাল শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এই কথা বলেছেন। এদিকে ইরানে বিশেষ মার্কিন দূত হিসেবে রবার্ট ম্যালিকে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর রয়টার্সের

নতুন বাইডেন প্রশাসন জানিয়েছে, তেহরান ২০১৫ সালে করা পরমাণু চুক্তি মেনে চললেই যুক্তরাষ্ট্র আবার ফিরে আসবে। এর আগে ২০১৮ সালে তত্কালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে করা আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিলেন। এরপর তেহরান পরমাণু চুক্তির লঙ্ঘন ঘটিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আবার চালু করে। চলতি মাসে দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ শতাংশে নিতে কাজ শুরু করে।

পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করে চুক্তিতে ফেরার অঙ্গীকার করলেই চুক্তির সব নীতি আবার মেনে চলা হবে। গত মাসে ইরানের পার্লামেন্টে নতুন একটি প্রস্তাব পাশ হয়েছে। এতে বলা হয়েছে, আগামী দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পরমাণু কর্মসূচি আরো বাড়াতে হবে। এদিকে ইরানের বিশেষ দূত হিসেবে প্রবীণ মার্কিন কূটনীতিক রবার্ট ম্যালির নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে পরমাণু চুক্তির জন্য যে টিম ছিল তাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন রবার্ট ম্যালি।