ভারতে কংগ্রেস দলের এমপি ও বিশিষ্ট কলামিস্ট শশী থারুর ও ছয় সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। দেশটিতে চলমান কৃষক আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার
গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়। অনেক সাংবাদিক সেই ঘটনার কথা সোশ্যাল মিডিয়াসহ নিজেদের সংবাদ সংস্থায় প্রচার করেন। এর পরেই রাজদীপ সরদেশাই, মৃণাল পান্ডে, বিনোদ হোসে, জাফর আঘা, পরেশনাথ, অনন্ত নাথের মতো সাংবাদিকের পাশাপাশি কংগ্রেস এমপি শশী থারুরের বিরুদ্ধে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশে একাধিক মামলা দায়ের হয়। দেশদ্রোহ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং শত্রুতায় ইন্ধন জোগানোর মতো গুরুতর অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
একাধিক সাংবাদিকের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করার তীব্র নিন্দা জানিয়েছে এডিটর্স গিল্ড অব ইন্ডিয়া। ওই সংগঠনের মতে, সাংবাদিক হিসেবে কৃষক আন্দোলনে হিংসার ঘটনা তুলে আনার জন্যই তাদের নিশানা করা হচ্ছে। এমনকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ভয়ও দেখানো হচ্ছে বলে দাবি ঐ সংগঠনের। সাংবাদিকদের বিরুদ্ধে করা সব এফআইআর অবিলম্বে তুলে নেওয়ার দাবিও জানিয়েছে তারা। সাংবাদিকদের বিরুদ্ধে এফআইআর দায়েরের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।