নতুন উদ্যোক্তাদের জন্য অর্থায়ন প্রক্রিয়া সহজ করার তাগিদ

দেশের অর্থনীতির টেকসই বিকাশে বড় ভূমিকা নিতে পারে নতুন উদ্যোক্তারা। এজন্য নতুন উদ্যোক্তা ও অপেক্ষাকৃত ছোট ব্যবসায়ে ঋণ প্রদানের বিদ্যমান প্রক্রিয়া আরো সহজ করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এজন্য কোলাটেরাল (ঋণের বিপরীতে সিকিউরিটি) পদ্ধতির পরিবর্তন করার আহ্বান জানিয়ে তারা বলেন, অন্যথায় ঐসব উদ্যোক্তাদের অর্থায়ন প্রক্রিয়া সহজ করা সম্ভব হবে না। একই সঙ্গে নতুন উদ্যোক্তাদের মধ্যে বিদ্যমান ব্যাংক ভীতিও দূর করার ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে।

গতকাল শুক্রবার রাজধানীর ঢাকা স্কুল অব ইকোনমিক্সের (ডিএসসিই) উদ্যোগে আয়োজিত এক অনলাইন সেমিনারে (ওয়েবিনার) বক্তারা এসব কথা বলেন। ‘ক্ষুদ্র ঋণ ও দক্ষতার ব্যবস্থাপনা’ শীর্ষক ঐ ওয়েবিনারে অর্থনীতিবিদ, ব্যাংকার, শিক্ষক ও এ খাতের বিশেষজ্ঞরা তাদের মতামত তুলে ধরেন।

ডিএসসিইর উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সমন্বয়কারী অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান।

আলোচনায় বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারের দেওয়া বিপুল অঙ্কের প্রণোদনার ঋণ এখনো বিতরণ না হওয়ার প্রসঙ্গও উঠে আসে। বক্তারা বলেন, ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণ নেওয়ার শর্ত থাকায় অনেক ছোট উদ্যোক্তা সরকারের দেওয়া এ সুবিধা নিতে পারছেন না। এ ব্যবস্থাকে আরো উদ্যোক্তাবান্ধব করার আহ্বান জানান তারা।

মো. নাসিরুজ্জামান বলেন, উদ্যোক্তারা অর্থায়নের জন্য প্রথমে ব্যাংকে আসেন না। তারা চেষ্টা করেন পরিবার বা প্রথাগত উত্স থেকে অর্থায়নের মাধ্যমে ব্যবসা শুরু করতে। তাদের ব্যাংকে আসার ভয় দূর করতে হবে। এ লক্ষ্যে ব্যাংকিং খাতে অনেক পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, আগামীতে আরো বড় পরিবর্তন আসবে। অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, দেশের ব্যাংকগুলোর সক্ষমতার পরিপূর্ণ ও দক্ষ ব্যবহার হচ্ছে না। উদ্যোক্তাদের অর্থায়ন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ডিএসসিইর উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রেহানা পারভীন ও সারা তাসনীম, ব্যাংকিং খাত বিশেষজ্ঞ আনোয়ার ফারুক তালুকদার প্রমুখ।