বগুড়ার শেরপুর উপজেলার নিভৃত গ্রাম বালেন্দায় ঢুকতেই চোখে পড়ে দিগন্ত বিস্তীর্ণ ফাঁকা মাঠ। আর সেই মাঠেই শুভ সূচনা হলো বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রচনার কার্যক্রম। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের উদ্যোগে এবং ন্যাশনাল এগ্রিকেয়ারের সহযোগিতায় এই ব্যতিক্রমী কর্মসূচি নেওয়া হয়েছে। এটি শেষ হলে তা গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশের জন্য নতুন রেকর্ড সৃষ্টি করবে।
শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথি হিসেবে উচ্চফলনশীল দুই ধরনের ধানের চারা রোপণের মাধ্যমে এই কর্মযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের প্রধান পৃষ্ঠপোষক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, জাতির পিতা দেশকে নিয়ে স্বপ্ন দেখতেন। কৃষককে নিয়ে স্বপ্ন দেখতেন। তাই খাদ্যে স্বয়ংসম্পন্ন বাংলাদেশের প্রতীক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১২০ বিঘা জমির বিশালায়তনের এই শস্যচিত্রের মাধ্যমে সেটি ফুটে তোলার জন্য পদযাত্রা শুরু হলো।
আরও পড়ুন: ফসলের সঙ্গে শত্রুতা বেড়েই চলেছে মেহেরপুরে
শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের প্রধান পৃষ্ঠপোষক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আজ চারা রোপণ করা হলো। এই কর্মযজ্ঞের মাধ্যমে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে নতুন রেকর্ড সৃষ্টি করে উদ্বোধন করা হবে। বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র হবে এটি। এসব অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। অনুষ্ঠানে শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ্র, সদস্যসচিব কে এস এম মোস্তাফিজুর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, স্থানীয় জাতীয় সংসদ সদস্য হাবিবর রহমান, সংসদ সদস্য তানভীর শাকিল জয়সহ আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এনএ