টাঙ্গাইলের ভূঞাপুর পৌর নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নারীসহ ১০জন আহত হয়েছেন। শনিবার (৩০ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভূঞাপুর পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পানির বোতল প্রতীকের আনোয়ার হোসেনের সমর্থিতরা ভোটকক্ষ আটকিয়ে নৌকা প্রতীকসহ জাল ভোট দেওয়া শুরু করে। পরে বিষয়টি নিয়ে কাউন্সিলর প্রার্থী উটপাখি প্রতীকের জাহিদুল ইসলামের সমর্থকরা প্রতিবাদ করে। এক পর্যায়ে জাহিদুলের এজেন্টসহ সমর্থকদের কেন্দ্র থেকে বের করে দেয়। এসময় আনোয়ার গ্রুপের লোকজন জাহিদুল ইসলামের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় জাহিদুল ও আনোয়ার হোসেনের উভয়পক্ষের নারীসহ ১০ জন আহত হয়। তবে কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলেও তারা নীরব ভূমিকা পালন করেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: নৌকা প্রার্থীর এজেন্টকে কুপিয়ে জখম, পুলিশের ১৮ রাউন্ড ফাঁকা গুলি
এদিকে সংঘর্ষ চলাচলকালীন সময়ে কেন্দ্রে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত করা হয়। বিষয়টি নিয়ে কেন্দ্র এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পৌরসভার ১নং ওয়ার্ডের কুতুবপুর কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার শাহীনুল ইসলাম বলেন, ‘দুই কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ৩০-৩৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পরে পুনরায় ভোটগ্রহণ চলছে।’
তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় আজ শনিবার (৩০ জানুয়ারি) ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে। এই ধাপের সবগুলো পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
ইত্তেফাক/এএএম