সাতক্ষীরার কলারোয়ায় পৌর নির্বাচনে ভোট কারচুপি, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী শরিফুজ্জামান তুহিন ও স্বতন্ত্র মেয়র প্রার্থী নার্গিস সুলতানা। এছাড়াও উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের তিন কাউন্সিলর প্রার্থী আসাদ খান, রফিকুল ইসলাম ও মোজাহিদুল ইসলাম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
পৃথক পৃথক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নার্গিস সুলতানা ও বিএনপির মেয়র প্রার্থী শরিফুজ্জামান তুহিন অভিযোগ করে বলেন, শনিবারের পোউরসভা নির্বাচনে তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোটারদের কাছ থেকে ব্যালট কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারা হয়েছে। এমনকি কোনো কোনো কেন্দ্রে নৌকা প্রতীকে সিল মারা ব্যালট সরবরাহ করা হচ্ছে।
কলারোয়া পৌর নির্বাচনে মেয়র পদে পাঁচ জন প্রতীক পেলেও মূলত প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীকের মনিরুজ্জামান বুলবুল, ধানের শীষের শেখ শরিফুজ্জামান তুহিন ও সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলামের স্ত্রী জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নার্গিস সুলতানা। এদের মধ্যে বিএনপির মেয়র প্রার্থী শরিফুজ্জামান তুহিন ও স্বতন্ত্র মেয়র প্রার্থী নার্গিস সুলতানা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এছাড়া নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯ জন ও তিনটি সংরক্ষিত আসনে ১৩ জন মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন: মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ
তৃতীয় ধাপে আজ ৬২ পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এই ধাপের সবগুলো পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কুমিল্লার লাকসাম ও বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর আগে দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র প্রত্যাহারের পর একক প্রার্থী হওয়ায় মেয়র পদে চার জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ, নওগাঁর নওগাঁ ও ধামইরহাট, সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জ, বগুড়ার ধুনট, গাবতলী ও কাহালু, রাজশাহীর মুণ্ডুমালা, মৌলভীবাজার, ঝিনাইদহের কোটচাঁদপুর ও হরিণাকুণ্ডু, বাগেরহাটের মোরেলগঞ্জ, কুমিল্লার চৌদ্দগ্রাম, বরুড়া ও লাকসাম, চাঁদপুরের হাজীগঞ্জ, ফেনী, মুন্সীগঞ্জ, শরীয়তপুরের জাজিরা, ময়মনসিংহের ভালুকা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, শেরপুরের নকলা ও নালিতাবাড়ী, নাটোরের সিংড়া, রাজশাহীর কেশরহাট, চুয়াডাঙ্গার দর্শনা, ঝালকাঠির নলছিটি, নেত্রকোনার দুর্গাপুর, বগুড়ার নন্দীগ্রাম ও শিবগঞ্জ, যশোরের মনিরামপুর, নোয়াখালীর হাতিয়া ও চৌমুহনী, লক্ষ্মীপুরের রামগঞ্জ, কিশোরগঞ্জের কটিয়াদী, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, টাঙ্গাইলের টাঙ্গাইল, মির্জাপুর, মধুপুর, ভুয়াপুর ও সখিপুর, শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ, বরগুনার বরগুনা ও পাথরঘাটা, ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন, কুড়িগ্রামের উলিপুর, দিনাজপুরের হাকিমপুর, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, নড়াইল, সাতক্ষীরার কলারোয়া, রাজবাড়ীর পাংশা, পিরোজপুরের স্বরূপকাঠী, বরিশালের গৌরনদী ও মেহেন্দিগঞ্জ, জামালপুরের সরিষাবাড়ী, নীলফামারীর জলঢাকা, পাবনা, খুলনার পাইকগাছা ও নড়াইলের কালিয়া পৌরসভায় আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ইত্তেফাক/জেডএইচডি