একাডেমিয়ার সকল উদ্ভাবনী চিন্তাগুলোকে বাস্তবে রূপদান করবে ইউনিবেটর

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং আইইবি-এর যৌথ উদ্যোগে আয়োজিত হলো ‘ইউনিবেটর’ প্রোগ্রাম। গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর সদর দপ্তরে ইউনিবেটর প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে পলক বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী, গ্র্যাজুয়েট কিংবা গবেষকদের থিসিস, ফাইনাল ইয়ার প্রজেক্ট কিংবা অ্যাসাইনমেন্টগুলোর সকল উদ্ভাবনী চিন্তা এবং সেগুলোকে পণ্য বা সেবায় রূপান্তরের মাধ্যমে বিজনেস ভেঞ্চারে পরিণত করার জন্যেই ইউনিভার্সিটি ইনকিউবেটর তথা সংক্ষেপে ‘ইউনিবেটর’ প্রোগ্রামের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে প্রতি বছর প্রায় ১০ লক্ষ গ্র্যাজুয়েট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলো হতে পাস করে বের হয়। নিয়মানুসারে তাদের প্রত্যেককেই কোনো না কোনো থিসিস, রিসার্চ কিংবা ফাইনাল ইয়ার প্রজেক্ট জমা দিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে হয়। ইউনিবেটর প্রোগ্রামের প্রথম ধাপে ২০টি বাছাইকৃত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মেন্টর হিসেবে গড়ে তোলার জন্য চারদিন ব্যাপী বাংলাদেশের প্রথম মেন্টর ডেভেলপমেন্ট ক্যাম্প আয়োজন, দেশ সেরা ১০টি একাডেমিক প্রজেক্ট বাছাই এর প্রতিযোগিতা এবং সেই ১০টি প্রজেক্টকে মাস ব্যাপী ইনকিউবেশনের মাধ্যমে আন্তর্জাতিক মানের স্টার্টআপ হিসেবে বাজারে আনার পরিকল্পনা করা হয়েছে। সেরা ১০টি প্রকল্পকে বিনামূল্যে এক মাসের ইনকিউবেশন, স্টার্টআপ লঞ্চিং প্রোগ্রামসহ যাবতীয় ট্রেনিং এবং মেন্টরিং সুবিধা দেয়া হবে এই প্ল্যাটফর্ম থেকে।  ইউনিবেটরের উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন ও অর্থ) এ এন এম সফিকুল ইসলাম (যুগ্ম সচিব) সহ আরও অনেকেই।