জাপানে ১০ বছর ধরে মেয়ের ফ্রিজে মার মৃতদেহ

বিবিসি

জাপানের পুলিশ একটি ফ্ল্যাটবাড়িতে ফ্রিজারের ভেতর এক মৃত নারীর লাশ উদ্ধার করার পর তার কন্যাকে গ্রেফতার করেছে। আটক নারী ৪৮ বছর বয়স্ক ইউমি ইওশিমো বলেছেন, ১০ বছর আগে তার মা মারা গেলে মার মৃতদেহ তিনি লুকিয়ে রাখেন। কারণ, টোকিওতে যে ফ্ল্যাটে তারা মা-মেয়ে একসঙ্গে থাকতেন তিনি ‘সেই ফ্ল্যাট ছাড়তে চাননি’।

মিস ইওশিমোর বাসা ভাড়ার অর্থ বকেয়া থাকায় তাকে ঐ ফ্ল্যাটবাড়ি ছাড়তে বাধ্য করা হয়। এরপর ঐ বাসা পরিষ্কার করার জন্য যে পরিচ্ছন্নতা কর্মীকে সেখানে পাঠানো হয়েছিল, সে ফ্রিজারের ভেতর ঐ লাশ খুঁজে পেয়েছে বলে জাপানের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।

পুলিশ জানিয়েছে, ঐ মহিলার মৃতদেহ বাঁকিয়ে ফ্রিজারে ঢোকানো হয়েছিল। টোকিওর কাছে চিবা শহরের এক হোটেল থেকে মিস ইওশিমোকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত মহিলার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কিন্তু ঐ মহিলা কখন এবং কীভাবে মারা গেছেন, কর্তৃপক্ষ এখনো সেটা বের করতে পারেননি।