n বাংলাদেশের টেস্ট দল
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।
স্পোর্টস রিপোর্টার
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচ সিরিজের জন্য বাংলাদেশ টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি। মুমিনুল হকের নেতৃত্বে গতকাল ১৮ সদস্যের দল ঘোষণা করা হয়। দলে নেই কোনো চমক বা নতুন মুখ। টেস্ট দলে ফিরেছেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম।
গত বছর ফেব্রুয়ারিতে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে সর্বশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে তখন নিষিদ্ধ থাকা সাকিব ঐ সিরিজে খেলতে পারেননি। ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন বাঁহাতি ওপেনার সাদমানও। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ১৬ সদস্যের দল থেকে কেউ বাদ পড়েননি।
তবে উইন্ডিজ সিরিজের জন্য টেস্টের প্রাথমিক দলে থাকলেও বাংলাদেশের চূড়ান্ত দলে জায়গায় হয়নি উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও ডানহাতি পেসার খালেদ আহমেদের।
টেস্ট সিরিজের আগে ইনজুরির শঙ্কা ছিল অধিনায়ক মুমিনুল হক ও নাঈম হাসানকে ঘিরে। দুজনের আঙুলে অস্ত্রোপচার হয়েছিল বঙ্গবন্ধু টি-২০ কাপের পর। আশার কথা দুজনই সেরে উঠেছেন। কুঁচকির চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন সাকিবও।
বাংলাদেশের দলে আছেন পাঁচ পেসার। মুস্তাফিজ, রাহী, এবাদত, তাসকিনের সঙ্গে আছেন তরুণ হাসান মাহমুদ। স্পিন বিভাগে সাকিবের সঙ্গে তাইজুল, মিরাজ ও নাঈম হাসান রয়েছেন।
প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে উইন্ডিজরা বুঝিয়ে দিয়েছে ওয়ানডের মতো একপেশে হবে না টেস্টের লড়াই। বাংলাদেশও তাই টেস্ট দলে পরিবর্তনের পথে হাঁটেনি। গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘দেখেন দলে তো পরিবর্তন নেই। প্রাথমিক দল থেকে বাদ পড়েছে দুজন। টেস্টে অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে অভিজ্ঞতার প্রয়োজন বেশি। গত বছর জিম্বাবুয়ে সিরিজেও এরা সবাই ছিল। আমরা ১৮ জনকে নিয়ে এগিয়ে যেতে চাচ্ছি। আশা করি ওয়ানডের মতো টেস্টেও দলটা ভালো করবে। আর সাকিব ফিরেছে, এটা দলের জন্য বড় স্বস্তির। ব্যাটে-বলে তার সার্ভিসটা দল পাবে।’
করোনাকালে কয়েকবার বোলিং অ্যাকশন পরিবর্তন করেছেন তাইজুল। বর্তমানে আগের অ্যাকশনে ফিরেছেন বলে দাবি প্রধান নির্বাচকের। তাই এ বাঁহাতি স্পিনারের ছন্দ ফিরে পাওয়া নিয়ে চিন্তিত নন নান্নু। গতকাল তিনি বলেছেন, ‘এখন তো তাইজুল আগের মতোই অ্যাকশনে বল করছে। খারাপ হচ্ছে না। মধ্যে অ্যাকশন পরিবর্তন করেছিল। এখন আগের জায়গায় ফিরে এসেছে।’