দর্শক থাকছে অস্ট্রেলিয়ান ওপেনে

স্পোর্টস ডেস্ক

করোনাকালে প্রথমবারের মতো গ্যালারিতে দর্শক ছাড়াই অনুষ্ঠিত হয়েছে ইউএস ওপেনের সর্বশেষ আসর। তবে গত বছরের শেষ গ্রান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনে দেখা যায় সীমিতসংখ্যক দর্শক। সেই ধারায় এবার অস্ট্রেলিয়ান ওপেনে দর্শক থাকছে তার চেয়েও বেশি। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। মেলবোর্ন পার্কে প্রতিদিন ৩০ হাজারের মতো দর্শক উপভোগ করতে পারবেন বছরের প্রথম টেনিস গ্রান্ড স্ল্যামটি। তবে কোয়ার্টার ফাইনাল থেকে সর্বোচ্চ ২৫ হাজার দর্শক ঢুকতে পারবেন সেখানে। বিষয়টি নিশ্চিত করেছেন কুইন্সল্যান্ড রাজ্য সরকারের ক্রীড়া মন্ত্রী মার্টিন পাকুলা। তিনি বলেন, ‘এর মানে ১৪ দিনে প্রায় ৩ লাখ ৯০ হাজার লোকের আনাগোনা থাকবে মেলবোর্ন পার্কে। যা গত তিন বছরের তুলনায় শতকরা ৫০ ভাগ। এটা আগের মতো হবে না, তবে দর্শক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক ইভেন্ট হবে এটি। যা বিশ্ব অনেক মাস ধরে দেখেনি।’

১৪ দিনের এই আসরে অংশ নিতে ১ হাজার ৭০০-এর অধিক খেলোয়াড় ও স্টাফ অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। হোটেল সংলগ্ন টেনিস পার্কে পাঁচ ঘণ্টা করে অনুশীলনের সুযোগ দেওয়া হয়েছে তাদের। অনেকেই কোয়ারেন্টাইন শেষে চলাফেরা করছেন মুক্ত বিহঙ্গের মতো। তবে ৭২ সদস্যের একটি দলকে থাকতে হয়েছে কঠোর আইসোলেশনে। কেননা করোনার সংক্রমণ ধরা পড়েছিল তাদের চার্টার্ড ফ্লাইটে।