সোনারগাঁওয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশুশ্রমিক নিহত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সোনারগাঁওয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী এক শিশুশ্রমিক নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার জামপুরের মরিচটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মাহফুজ (১২)। বাসা থেকে সাইকেল যোগে কাজে যাওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় সে নিহত হয়। এ ঘটনায় স্থানীয়রা চালকসহ কাভার্ড ভ্যানটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত মাহফুজ সুনামগঞ্জ জেলার শাল্লা থানার সুলতানপুর গ্রামের আব্দুল সামাদের ছেলে। সে সোনারগাঁওয়ে হাতুড়ীয়াপাড়ার একটি বাড়িতে পরিবারসহ ভাড়া থেকে এলাকার একটি স্পিনিং মিলে শ্রমিক হিসেবে কাজ করত।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, শিশু মাহফুজের সাইকেলকে একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো উ- ১৪-২৩৬৫) ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। ঘটনার পরই এলাকাবাসী চালক জাকির হোসেনকে কাভার্ড ভ্যানসহ আটক করে।