ব্রাহ্মণবাড়িয়ায় টাউন খাল রক্ষার দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় টাউন খাল রক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে শহরের থানা ব্রিজে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বর্তমানে দখল আর দূষণের কারণে খালটি মৃতপ্রায়। মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন, নোঙরের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন শামস ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি শামীম আহমেদ প্রমুখ।