রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
রাউজানে অস্ত্র, ইয়াবা, দা-কিরিচ-ছুরি ও কার্তুজসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ভোরে র্যাব-৭ চাঁন্দগাঁও ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেফতার করে। শনিবার র্যাব-০৭-এর চাঁন্দগাঁও ক্যাম্পের দায়িত্বশীল পুলিশ পরিদর্শক (শহর ও যান) মো. আবদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন—কদলপুর ইউনিয়নের আবুল হোসেন পোস্ট মাস্টার বাড়ির বাসিন্দা ও কদলপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লোকমান হাকিম চৌধুরী, পাহাড়তলী ইউনিয়নের মহামনি গ্রামের নিতাই মাস্টার বাড়ির জয়ন্ত দে ও কদলপুর ইউনিয়নের আবুল হোসেন পোস্ট মাস্টার বাড়ির মো. রাজু। মো. আবদুল হক বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে বিদেশি তৈরি একটি রিভলবার, ১০২টি এয়ারগানের গুলি, পাঁচটি তাজা কার্তুজ, তিন রাউন্ড পুরাতন কার্তুজ, তিনটি দা, একটি কিরিচ, একটি ছুরি ও ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।