প্রাকৃতিক সম্পদে ভরপুর সিলেটে প্রচুর সম্ভাবনার
পরও এখানে কাঙ্ক্ষিত পর্যায়ে শিল্পকারখানা গড়ে
ওঠেনি। অথচ সিলেটের হরিপুরসহ বিভিন্ন
স্থানে প্রচুর প্রাকৃতিক গ্যাস রয়েছে
হুমায়ূন রশিদ চৌধূরী, সিলেট অফিস
প্রাকৃতিক সম্পদে ভরপুর সিলেটে প্রচুর সম্ভাবনার পরও এখানে কাঙ্ক্ষিত পর্যায়ে শিল্পকারখানা গড়ে উঠেনি। অথচ সিলেটের হরিপুরসহ বিভিন্ন স্থানে প্রচুর প্রাকৃতিক গ্যাস রয়েছে। রয়েছে শিল্প স্থাপনের নানা উপকরণ। সিলেটের বালি-পাথর, ধান-মাছ, ফলমূল, মিঠা পানির মাছ, শাকসবজি, রাবার, আনারস, আগর-আতর, কমলাসহ লেবুজাতীয় ফলের প্রাচুর্য রয়েছে। কৃষিভিত্তিক নানা শিল্প স্থাপনের সুযোগ রয়েছে।
সম্প্রতি ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের (ইউএসডিএ) প্রতিনিধিবৃন্দ সিলেট সফর করেন। তারা অর্থনৈতিক ক্ষেত্রে সিলেটের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, ‘আমরা পাঁচ দিনের সিলেট সফরে এসেছি এখানকার কৃষি উদ্যোক্তা ও বিজনেস কমিউনিটির সঙ্গে মিলিত হওয়ার জন্য। কারণ সব ধরনের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে কৃষির যোগসূত্র রয়েছে। সিলেটে কৃষিক্ষেত্রে ব্যাপক সম্ভানার কথা উল্লেখ করে বলেন, ইউএসডিএ কৃষি সেক্টর ছাড়াসহ বিভিন্ন সেক্টরের উন্নয়নে কাজ করে থাকে। প্রতিনিধিদলের প্রধান টাইলর ব্যাবকক বলেন, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর অন্যতম। এদেশের মানুষের মাথাপিছু আয় দ্রুত গতিতে বেড়ে চলেছে। তিনি বলেন, তিনি সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে বিদেশি বিনিয়োগের ব্যাপারে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশি বিনিয়োগকারীদের যোগাযোগ স্থাপনের ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, সিলেট বিদেশি বিনিয়োগের জন্য একটি আদর্শ স্থান। এখানে শিল্প স্থাপনের প্রয়োজনীয় উপকরণ যেমন—গ্যাস, জ্বালানি তেল, জমি ইত্যাদি বিদ্যমান। বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে সিলেটে কৃষিভিত্তিক রপ্তানিমুখী শিল্প স্থাপন অত্যন্ত লাভজনক হবে। কারণ ভারতের ঐসব রাজ্যে বাংলাদেশি পণ্যের চাহিদা রয়েছে।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইঞ্জিনিয়র এম. ইকবাল, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, প্রিমিয়াম ফিস অ্যান্ড এগ্রোর চেয়ারম্যান কল্লোল আহমেদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সিলেটের প্রধান সাইন্টিফিক অফিসার ডা. মাহমুদুল ইসলাম নজরুল, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মো. মঈনুল ইসলাম চৌধুরী, ফাহিম আহমদ চৌধুরী, মনোজাহান পলি ইসলাম, হেলেন আহমেদ, এম এ সায়েম, চিকিত্সা খাতের উদ্যোক্তা ডা. নাসিম আহমদ, প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম প্রমুখ।