মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লকে অপহরণ ও হত্যার ঘটনায় প্রধান চার আসামিকে পাকিস্তানের সুপ্রিম কোর্ট খালাস দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের ঐ রায়ের বিরুদ্ধে আপিল করেছে পাকিস্তান সরকার।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর করাচিতে জঙ্গিদের নিয়ে অনুসন্ধান করছিলেন মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল। তাকে সেসময় অপহরণ করা হয়। এর কয়েক সপ্তাহ পর তাকে শিরশ্ছেদ করে হত্যার একটি ভিডিও প্রকাশ করা হয়। গত বৃহস্পতিবার সাংবাদিক পার্ল হত্যাকাণ্ডে জড়িত পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ জঙ্গি আহমেদ ওমর সাঈদ শেখসহ চার জনকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় পাকিস্তান সুপ্রিম কোর্টের তিন বিচারকের এক প্যানেল। আসামিদের মুক্তির রায়ে অসন্তোষ প্রকাশ করে পার্লের পরিবার।
এরপর শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে প্রথম বারের মতো ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আদালতের রায় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা পার্ল হত্যাকাণ্ডের জন্য ঐ চার আসামির শাস্তি নিশ্চিতে আলোচনা করেন। এর আগে বৃহস্পতিবারই ব্লিনকেন এই রায়কে পাকিস্তানসহ সবখানেই সন্ত্রাসবাদের শিকার মানুষের জন্য অপমানজনক বলে উল্লেখ করেন।
পার্ল পরিবারের আইনজীবী ফয়সাল সিদ্দিকী ও এক সরকারি প্রসিকিউটর রয়টার্সকে জানান, সুপ্রিম কোর্টের রায় পর্যালোচনার জন্য শুক্রবার আপিল করেছে সিন্ধু প্রদেশ সরকার। এদিকে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মন্টি উইলকিনসন জানিয়েছেন, ওমর শেখকে হেফাজতে নিতে তারা প্রস্তুত রয়েছেন। তিনি বলেন, পাকিস্তান সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে আমরা খুবই উদ্বিগ্ন। ওমর শেখ আগেই যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হয়েছেন। তার অপরাধের জন্য বিচার হওয়া জরুরি।