যুক্তরাষ্ট্রে কোভিড-১৯-এর বিস্তার কমিয়ে দেওয়ার জন্য সোমবার রাত থেকে বাস, ট্রেন, ট্যাক্সি, বিমান, নৌকা, পাতাল রেল বা রাইড শেয়ারে যানবাহনসহ যে কোনো ধরনের গণপরিবহন ব্যবহার করার সময় আমেরিকানদের একটি মাস্ক পরতে হবে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগ (সিডিসি) এই ঘোষণা দিয়েছে।
সিডিসির গ্লোবাল মাইগ্রেশন অ্যান্ড কোয়ারেন্টাইন বিভাগের পরিচালক ড. মার্টিন সিট্রন স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, জনসাধারণকে যাতায়াত করার সময় এবং যাত্রার অপেক্ষার সময় অবশ্যই মাস্ক পরতে হবে, যা নাক এবং মুখ যুগপত্ ঢেকে রাখবে। এই মাস্কে কমপক্ষে দুটি শ্বাস-প্রশ্বাসের ফেব্রিক স্তর থাকবে এবং এটি ইলাস্টিক ব্যান্ডের সাহায্যে মাথার সঙ্গে আটকে থাকবে। এতে আরো বলা হয়, মাস্কগুলোকে ভালোভাবে ফিট করতে হবে এবং এতে শ্বাস-প্রশ্বাসের নামে আলাদা বাল্ব বা ছিদ্র থাকা চলবে না। দুই বছরের কম বয়সের বাচ্চারা বা প্রতিবন্ধী ব্যক্তিরা যারা মাস্ক পরতে পারে না তারা এই আদেশের বাইরে থাকবে। ঘোষিত আদেশে সিডিসি বলেছে, এই নির্দেশনা না মানলে ফৌজদারি দণ্ডের মুখোমুখি হতে পারেন যাত্রীরা। ২১ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।