প্রথম, দ্বিতীয়ধাপের মতো তৃতীয় ধাপেও নিরঙ্কুশ জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। ব্যালটে অনুষ্ঠিত এবারের ভোটে বেশিরভাগ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ভোট অনিয়ম ও কারচুপির অভিযোগ বিএনপিসহ স্বতন্ত্র প্রার্থীদের বড় একটি অংশ ভোট বর্জন করেছে। তবে প্রথম ও দ্বিতীয় ধাপের চেয়ে তৃতীয়ধাপেরও ভোটে সংঘর্ষ এবং সহিংসতার ঘটনা বেশি হয়েছে। এই ধাপে ৬২টি পৌরসভার ভোট অনুষ্ঠিত হয়।
বরগুনা পৌরসভায় আওয়ামী লীগের অ্যাডভোকেট কামরুল হাসান মহারাজ, বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগের আনোয়ার হোসেন আকন, শেরপুরের নকলায় আওয়ামী লীগের হাফিজুর রহমান লিটন, টাঙ্গাইলের ভূঞাপুরে নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদুল হক মাসুদ, ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের মো. জান্নাতুল ফেরদৌস, টাঙ্গাইলের মধুপুরে আওয়ামী লীগের সিদ্দিক হোসেন খান, বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের কামাল উদ্দিন খান, ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নৌকা প্রতীকের ফারুক হোসেন, নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের কে এম ওবায়েদ উল্ল্যা, লক্ষীপুরের রামগঞ্জে আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগের আলহাজ্ব মামুন সরকার মিঠু মেয়র নির্বাচিত হয়েছেন।
টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সালমা ইসলাম দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। নড়াইল পৌরসভায় প্রথমবারের মতো নারী মেয়র নির্বাচিত হয়েছেন। বিজয়ী মেয়র আঞ্জুমান আরা আওয়ামী লীগ মনোনীত। নড়াইলের কালিয়ায় মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের স. ম ওয়াহিদুজ্জমান হীরা। বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতা এসএম মনিরুল হক তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। খুলনার পাইকগাছায় তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সেলিম জাহাঙ্গীর। ময়মনসিংহের ইশ্বরগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার বিজয়ী হয়েছেন। ঝিনাইদহের কোটচাঁদপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম টিপু মল্লিক মেয়র পদে জয়ী হয়েছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বতন্ত্রপ্রার্থী মকিতুর রহমান রফি মেয়র নির্বাচিত হয়েছেন। পাবনার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শরিফউদ্দিন প্রধান মেয়র নির্বাচিত হয়েছেন। যশোরের মণিরামপুরে আওয়ামী লীগের প্রার্থী অধ্যক্ষ মাহমুদুল হাসান, চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভায় আওয়ামী লীগের মতিয়ার রহমান, দিনাজপুরের হাকিমপুরে আওয়ামী লীগের জামিল হোসেন চলন্ত, বগুড়ার শিবগঞ্জ পৌরসভা বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী তৌহিদুর রহমান মানিক, নন্দীগ্রাম পৌরসভায় আওয়ামী লীগের আনিসুর রহমান ও ধুনট পৌরসভায় বর্তমান মেয়র আওয়ালীগের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী এজিএম বাদশাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগ প্রার্থী জি এম মীর হোসেন মীরু ও বরুড়া পৌরসভা মো.বক্তার হোসেন ওরফে বখতিয়ার, সিলেটের গোলাপগঞ্জে (স্বতন্ত্র-বিদ্রোহী) আমিনুল ইসলাম রাবেল, জকিগঞ্জে (স্বতন্ত্র বিদ্রোহী) আব্দুল আহাদ, নওগাঁর ধামইরহাটে আমিনুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নালিতাবাড়ীতে আবু বক্কর সিদ্দিকী, নেত্রকোনার দুর্গাপুরে আলাউদ্দিন আলাল, কুড়িগ্রামের উলিপুরে মামুন সরকার মিঠু নির্বাচিত হন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লাহ, মৌলভীবাজারে আওয়ামীলীগের ফজলুর রহমান, মুন্সীগঞ্জ পৌরসভায় হাজী মোঃ ফয়সাল বিপ্লব, রাজবাড়ীর পাংশায় মো. ওয়াজেদ আলী মন্ডল জয়ী হন। এছাড়াও বগুড়ার কাহালু পৌরসভায় বিএনপি আব্দুল মান্নান ওরফে ভাটা মান্নান, গাবতলীতে বিএনপি প্রার্থী বর্তমান মেয়র সাইফুল ইসলাম পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।