রাজধানীর আদাবর, রামপুরা ও হাজারীবাগে পৃথক তিনটি ঘটনায় গতকাল শনিবার এক নার্স ও দুই নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, নার্স বন্দনা রাণী (২৪), নির্মাণ শ্রমিক রাকিব (২৪) ও শাহজালাল (৩৫)। নার্স বন্দনা রাণী রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কর্মরত ছিলেন।
আদাবর থানার এসআই শংকর বালা জানান, শনিবার দুপুর ১টার দিকে আদাবর রিংরোডের একটি বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় নার্স বন্দনা রাণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বন্দনার গ্রামের বাড়ি যশোর জেলার বাগাড়পাড়া উপজেলায়। তার বাবার নাম আনন্দ পাল।
এর আগে সকাল ৯টার দিকে খিলগাঁওয়ের নবীনবাগে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে রাকিব (২৪) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। মৃত রাকিবের সহকর্মী শরিফ জানান, রাকিব দেড় মাস ধরে বনশ্রীর সি ব্লকের নির্মাণাধীন ঐ ভবনে রাজমিস্ত্রীর কাজ করতেন। সকালে ঐ ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। নওগাঁর সাপাহার উপজেলার আইহাই গ্রামে তার বাড়ি।
এছাড়া বিকাল সাড়ে ৪টার দিকে হাজারীবাগের বউবাজার এলাকায় রাজু বেকারির পাশে একটি নির্মাণাধীন ভবনে পাইপ ফিটিংয়ের কাজ করার সময় নিচে পড়ে গিয়ে শাহজালাল (৩৫) নামে এক স্যানিটারি মিস্ত্রীর মৃত্যু হয়। তার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার আকানিয়া গ্রামে। তিনি মোহাম্মদপুরের বছিলা এলাকায় সপরিবারে থাকতেন।