রাশিয়ার কারাগারে বন্দী বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনির মুক্তির দাবিতে রবিবার রাস্তায় নামে হাজার হাজার মানুষ। বিক্ষোভ চলাকালীন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে তীব্র স্লোগান তোলা হয়। বিক্ষোভ থামাতেই ৩০০০ জনকে আটক করেছে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, রাশিয়ার ফার ইস্ট অঞ্চল এবং রাজধানী মস্কোসহ অন্যান্য শহরে বিক্ষোভ প্রদর্শনকালীন সময়ে বিক্ষোভকারীদের আটক করা হয়। এমনকি অ্যালেক্সেই নাভালনির স্ত্রী জুলিয়া নাভালনায়াকে রাশিয়ার রাজধানী মস্কো থেকে আটক করে পুলিশ। আপাতত প্রশাসন এই বিক্ষোভ থামানোর চেষ্টা করছে।
পুলিশ মস্কো শহরে বিভিন্ন মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে। পাশাপাশি সীমাবদ্ধ করা হয়েছে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রেও। পুরো শহর জুড়ে কড়া নিরাপত্তা বজায় রেখেছে পুলিশ।এমনকি শহরের মূল এলাকার অনেক দোকান ও রেস্তোরাঁও বন্ধ কএ দেওয়া হয়।
রাশিয়ার আরেকটি শহর ভ্লাদিভস্তকের একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, অসংখ্য তরুণেরা রাস্তায় নেমেছেন তাদের নেতার জন্য। চলতি মাসে রাশিয়া আসার পরেই জামিনের নীতি লঙ্ঘনের অভিযোগে নাভালনিকে গ্রেফতার করা হয়। এক্ষেত্রে নাভালনি তার গ্রেফতার হওয়াকে ‘পুরোপুরি অবৈধ’ বলে অ্যাখ্যা দেন। জেলে যাওয়ার আগে নাভালনি তার সমর্থকদের রাস্তায় বের হয়ে বিক্ষোভ করার আহ্বান জানান। আর তারপর থেকেই নাভালনির সমর্থনে রাস্তায় তার সমর্থকেরা।
ইত্তেফাক/এএইচপি