পাপুলের বিরুদ্ধে সিআইডির অর্থ পাচার মামলার তদন্ত প্রতিবেদন ১০ মার্চ

কুয়েতে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহিদুল ইসলাম পাপুলসহ তার পরিবারের ছয় সদস্য ও দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ মার্চ দিন ধার্য করেছে আদালত।

গতকাল রবিবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিল না করে সময় চেয়ে আবেদন করে সিআইডি। ঐ আবেদন গ্রহণ করে নতুন করে সময় দেন ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী।

গত ২২ ডিসেম্বর সিআইডির সহকারী পুলিশ সুপার (অর্গানাইজ ক্রাইম) আল-আমিন বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় পাপুল ও তার স্ত্রী এবং কন্যাসহ স্বজনদের বিরুদ্ধে অর্থ পাচার মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে: আসামিরা মানব পাচারকারী চক্রের সদস্য। তারা বিভিন্ন সময় ৩৮ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকা অবৈধভাবে আয় করেছেন। যার সঙ্গে পাপুল ও তার মেয়ের প্রতিষ্ঠান জড়িত। এরই মধ্যে দুর্নীতির দুটি মামলায় দুদক ও সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে পাপুল ও তার স্বজনদের ৬৭০টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ।

ইত্তেফাক/কেকে