পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টাক বলেছেন, তিনি না চাইলে প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার একদিনের জন্যও টিকবে না। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরা জেলার নিজ শহরে এক সমাবেশে দেওয়া বক্তব্যে প্রতিরক্ষামন্ত্রী এই মন্তব্য করেন। যদিও তিনি গতকাল এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেছেন, আমি প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে ঋণী। খবর ডনের।
প্রতিরক্ষামন্ত্রী পারভেজ বলেন, আমি চাইলে কাউকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারি এবং কাউকে একে শূণ্যে নামিয়ে আনতে পারি। এটা সম্ভব হয়েছে আমার কঠোর পরিশ্রমের কারণে। তিনি বলেন, পুরো দেশের বিরুদ্ধে তাকে প্রতিযোগিতা করতে হয়েছে। আমি না চাইলে প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার একদিনও টিকবে না। তবে আমি প্রধানমন্ত্রীর কাছে ঋণী।
প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, আমি কেবল সরকারি কর্মকর্তাদেরই সামাল দেই না, বিরোধী নেতাদের সঙ্গেও কাজ করি। সবাই আমাকে সম্মান করেন।
তবে গতকাল টুইটার বার্তায় পারভেজ খাট্টাক বলেন, আমি মূলত নওশেরা জেলায় নিজ গ্রামের বাসিন্দাদের স্পষ্ট করে বলেছি, আমি খুবই সচেতন এবং ইমরান খানের কাছে ঋণী। আমাদের চেষ্টা এবং প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থনের কারছে এই আসনে সফলভাবে কাজ করতে সক্ষম হয়েছি। আমরা বিরোধীদেরকে পরাজিত করবো।
ইত্তেফাক/এসআর