মিয়ানমারে গত নভেম্বরের সাধারণ নির্বাচনে ‘ভোট জালিয়াতির’ অভিযোগে দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি, রাষ্ট্রপতি এবং জ্যেষ্ঠ নেতাদের গ্রেফতার করেছে সেনাবাহিনী। সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে সেনাবাহিনীর অভিযানে তাদের গ্রেফতার করা হয়। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) মুখপাত্র মায়ো নিউন্ট বিষয়টি নিশ্চিত করেন। এক বছরের জন্য জারি করা হয়েছে জরুরি অবস্থা।
সামরিক বাহিনী পরিচালিত টেলিভিশনে সম্প্রচার করা এক ভিডিও ভাষণে সেনাবাহিনীর সিনিয়র জেনারেল মিং অং হ্লাইং জানিয়েছেন, দেশের ক্ষমতা সশস্ত্র বাহিনীর প্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে।
এনডিটিভি এক প্রতিবেদনে বলছে, মিয়ানমারের ডি ফ্যাক্টো তথা অনানুষ্ঠানিক প্রধান সু চি-কে গ্রেফতার করার পর এক বছরের জন্য দেশটিতে জরুরি জারি করেছে সেনাবাহিনী। সামরিক টেলিভিশনে প্রচার করা এক বার্তায় এ কথা জানানো হয়েছে।
রাজধানী নেপিডো ও প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় সেনারা টহল দিচ্ছে। প্রধান প্রধান শহরে মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে আজ অনুষ্ঠিতব্য পার্লামেন্ট অধিবেশনও স্থগিত করা হয়েছে।
গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল এনএলডি নিরঙ্কুশ বিজয় লাভ করে। তবে ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলে দেশটির সেনাবাহিনী। এবার সেই অভিযোগেই অভিযান চালিয়ে সু চিসহ এনএলডির শীর্ষ নেতাদের আটক করা হলো।
ইত্তেফাক/টিআর