ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, প্রযুক্তিতে উন্নত একটি জাতি গঠনের যে স্বপ্ন আমরা দেখি তা বাস্তবায়নের ক্ষেত্রে চাকরি ও ক্যারিয়ার গঠনভিত্তিক ‘অ্যাপ কর্ম জবস’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ পেতে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে।
সোমবার একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন তিনি এ সব কথা বলেন।
ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক তরুণদের কর্মসংস্থানে সহায়তার লক্ষ্যে গুগলের চাকরি ও ক্যারিয়ার গঠনভিত্তিক ‘অ্যাপ কর্ম জবস’-এর সঙ্গে একটি যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস সোমবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এই ঘোষণা দেন। গুগলের নেক্সট বিলিয়ন ইউজারস ইনিশিয়েটিভ টিমের অপারেশনস লিড বিকি রাসেল এই ভার্চুয়াল প্রেস কনফারেন্সে যুক্ত ছিলেন। এছাড়া এতে যুক্ত ছিলেন বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, ডিজিটাল বিজনেস ডিরেক্টর গৌরব কাক্কর এবং হেড অফ কর্পোরেট কমিউনিকেশনস অ্যান্ড সাস্টিনিবিলিটি আংকিত সুরেকা।
বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন, ‘আমরা মনে করি, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরির তথ্য ও প্রশিক্ষণের সুযোগ দেওয়া গেলে দেশের সার্বিক কর্মসংস্থান পরিস্থিতি আরও অগ্রসর হবে। সামাজিকভাবে দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংক তরুণদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
গুগলের নেক্সট বিলিয়ন ইউজারস ইনিশিয়েটিভ টিমের অপারেশনস লিড বিকি রাসেল বলেন, ‘কর্ম জবস’ আমাদের কার্যক্রমকে দেশের নানা প্রান্তের চাকরি প্রার্থীদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টারে অবস্থিত কর্ম জবস-এর কিয়স্কের মাধ্যমে আরও বেশি সংখ্যক চাকরি প্রার্থী ও চাকরিদাতাকে আমরা সাহায্য করতে সক্ষম হবো।
ইত্তেফাক/ইউবি