বগুড়ায় ‘বিষাক্ত মদ পানে’ ছয় জনের মৃত্যু

বগুড়ায় ‘বিষাক্ত মদপানে’ ছয় জন মারা গেছেন। গত রবিবার রাতে শহরের পুরান বগুড়া, ফুলবাড়ী ও কাটনারপাড়া এলাকায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন—শহরের পুরান বগুড়ার লোকমানের ছেলে রাজমিস্ত্রি রমজান আলী (৪০), প্রেমনাথের ছেলে সুমন রবিদাস (৩৮), শহরের কাটনারপাড়া হটু মিয়া লেনের কুলিশ্রমিক সাজু মিয়া (৫৫), বাবুর্চি মোজাহার আলী (৭০), ফুলবাড়ী সরকারপাড়া এলাকার আব্দুল জলিলের পুত্র পলাশ (৬৫) ও ভবেরবাজারের হোটেল ব্যবসায়ী আলমগীর (৫৫)।

বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, মৃত ব্যক্তিদের পরিবার থেকে মদপানে মারা যাওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে। তার পরও মদপানে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে অনুসন্ধান চালানো হচ্ছে।

আরও পড়ুন: ভেজাল মদ তৈরির কারখানায় অভিযান, আটক ৬

শহরের পুরান বগুড়ার তিনমাথা এলাকার বাসিন্দা হরিনাথ বলেন, রবিবার রাতে তিনমাথা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে আগত লোকজন পার্শ্ববর্তী এক হোমিও দোকান থেকে অ্যালকোহল কিনে পান করেন। রাতে বাড়ি ফেরার পর সুমন, তার বাবা প্রেমনাথ, চাচা রামনাথ, প্রতিবেশী রমজান ও ব্যবসায়ী আলমগীর অসুস্থ হয়ে পড়েন। গতকাল সোমবার ভোরে তাদের বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিত্সক সুমনকে মৃত ঘোষণা করেন। রমজান স্থানীয় এক ক্লিনিকে মারা যান। রাতে হোটেল ব্যবসায়ী আলমগীর অসুস্থ হয়ে পড়লে তাকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। ভোররাতে তিনি মারা যান। মদপানে অসুস্থ দুই ভাই প্রেমনাথ ও রামনাথ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

অন্যদিকে শহরের কালীতলা এলাকায় রবিবার রাতে মদ পান করে মারা গেছেন সাজু, মোজাহার ও পলাশ নামে তিন জন। বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী জানান, তিন জনই কালীতলা বাজার এলাকায় অতিরিক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে বাড়িতেই মারা গেছেন।

ইত্তেফাক/বিএএফ