ট্রাস্ট হিসেবে যাত্রা শুরু করলো ‘আলাপ’

সম্প্রতি ট্রাস্ট হিসেবে নিবন্ধিত হয়েছে একাডেমি অব ল’ অ্যান্ড পলিসি (আলাপ)। ট্রাস্ট অ্যাক্ট ১৮৮২-এর অধীনে নিবন্ধিত হয়। সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালে করোনা মহামারিতে অরাজনৈতিক ও অলাভজনক প্রচারমাধ্যম হিসেবে যাত্রা শুরু করে ‘আলাপ’। মূল উদ্দেশ শীর্ষস্থানীয় আইনজ্ঞ, শিল্প খাতের নেতা এবং সমাজের উন্নয়ন অংশীদারদের একত্রিত করার মাধ্যমে দেশের সমসাময়িক আইনি, নীতিগত ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা।

আলাপ ইতোমধ্যে ডেইলি স্টার এবং ঢাকা ট্রিবিউন, এনজিও, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের মতো (ব্লাস্ট) প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত হয়েছে। 

ট্রাস্টের প্রতিষ্ঠাতা সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম গবেষণা, আইন ও জাতীয় গুরুত্বের বিষয়গুলো নিয়ে কাজ করছেন। এছাড়া ওয়েবিনার, রোগীদের অধিকার, সহিংসতা, ভার্চুয়াল আদালত, জরুরি চিকিৎসা সেবা ইত্যাদি বিষয়ে কাজ করছে আলাপ। তাদের কার্যক্রম এখনো চলছে।

আপিল বিভাগের বিচারপতি মো. ইমমান আলী বলেন, ‘আলাপ সমসাময়িক সমস্যাগুলো সম্প্রচারের জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।’

হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমদ বলেন, ‘আইন ও তার প্রয়োগ বোঝার ক্ষেত্রে ভূমিকা রাখবে আলাপ। তাদের লক্ষ্য ও প্রতিভা বাংলাদেশে আইন ও পলিসি সংস্কারের ক্ষেত্রেও ভূমিকা রাখবে।’

আলাপের জন্য শুভকামনা জানিয়ে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার বলেন,  ‘আমি নিশ্চিত যে, আইন ও নীতি সংস্কারের ক্ষেত্রে আলাপ অসাধারণ কাজ করবে।’

ব্যারিস্টার রাশনা ইমাম (ব্যবস্থাপনা অংশীদার, আখতার ইমাম ও সহযোগী) হলেন ট্রাস্টের নির্বাহী পরিচালক। ব্যারিস্টার অনিতা গাজী রহমান (ব্যবস্থাপনা সহযোগী, আইনি সার্কেল) যোগাযোগ ও প্রচার পরিচালক। ব্যারিস্টার নাজিয়া কবির (অংশীদার, সৈয়দ ইশতিয়াক আহমেদ ও অ্যাসোসিয়েট) হলেন প্রোগ্রামের পরিচালক এবং ব্যারিস্টার রেশাদ ইমাম (অংশীদার, আখতার ইমাম ও অ্যাসোসিয়েট) হলেন
অর্থ পরিচালক।

ইত্তেফাক/জেডএইচ