স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার লিগে কুমিল্লায় যখন মোহামেডানকে হারিয়ে বসুন্ধরা কিংস আনন্দ উল্লাসে, তখন ঢাকায় আবাহনীর ত্রাহি ত্রাহি অবস্থা। অঘটন ঘটে গেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। কুমিল্লায় মোহামেডান হারলেও ঢাকায় আবাহনী পয়েন্ট হারিয়েছে। দুই আবাহনীর লড়াই ১-১ গোলে ড্র হয়েছে। দুই গোলই হয়েছে পেনাল্টি হতে। মহামূল্যবান পয়েন্ট হারিয়েছে আবাহনী। চট্টগ্রামের দল ম্যাচটা জিতেও জিততে পারবে না। সুযোগ নষ্ট হবে কে জানত।
অথচ ম্যাচের প্রথমার্ধ ছিল আবাহনীর নিয়ন্ত্রণে। গোল পেয়েছিল পেনাল্টি হতে। ব্রাজিলিয়ান ফুটবলার ফ্রান্সিসকো তোরেস গোলের সূচনা করেন পেনাল্টি হতে ১-০। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগে আরেক পেনাল্টি চট্টগ্রাম আবাহনীকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন ব্রিজোলারা। দুই দলের লড়াই দারুণ জমে উঠেছিল। ৮৭ মিনিটে চট্টগ্রাম আবাহনী আবার পেনাল্টি পায়। এবারও সেই ব্রাজিলিয়ান নিক্সন বল বসিয়ে শট নেন। কিন্তু সেটি ঠেকিয়ে নিশ্চিত হার থেকে আবাহনীকে বাঁচিয়েছেন গোলকিপার সোহেল রানা। এই গোলকিপার সঠিক জায়গায় ঝাঁপিয়ে গোল বাঁচিয়েছেন। আর আফসোসে পুড়েছেন চট্টগ্রাম আবাহনীর ফুটবলাররা। নিক্সন গোল করে সমতা এনেছিলেন। সেই নিক্সনই জয় হাতের কাছে পেয়েও তুলে নিতে পারেননি। এরপরও সুযোগ ছিল। খেলার শেষ বাঁশি বাজার আগে চট্টগ্রাম আবাহনীর রাকিব আবাহনীর গোলকিপার সোহেলকে একা পেয়েও গোল করতে পারেননি।
আবাহনীর জন্য কঠিন সময় যাচ্ছে। আগের ম্যাচে কুমিল্লায় দুই বার মোহামেডানের বিপক্ষে এগিয়ে থেকেও ২-২ গোলে ড্র করে ফিরেছিল। এবার ঢাকায় জয় নিয়ে মাঠ ছাড়বে পর্তুগিজ কোচ মারিও লেমসের সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছেন চট্টগ্রাম আবাহনীর মারুফুল হক। কষ্ট পাচ্ছেন নিশ্চিত জয়টা না পাওয়ায়। নিক্সন কিছু বলতেও পারছেন না নিজেও সইতে পারছেন না।
মুক্তিযোদ্ধাকে হারিয়ে দুইয়ে শেখ রাসেল
বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে আবাহনী। দিনের অপর ম্যাচে একই শঙ্কায় ছিল শেখ রাসেল। পুরো ৯০ মিনিট পর্যন্ত তাদের গোলবঞ্চিত রাখে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া; কিন্তু অতিরিক্ত সময়ের এক ভুলে বিফলে যায় সব প্রচেষ্টা। নিজেদের জালে বল ঢুকিয়ে শেখ রাসেলকে ১-০ গোলে জয়ের স্বাদ পাইয়ে দেন মুক্তিযোদ্ধার শোয়েব মিয়া। এই জয়ের ফলে আবাহনীকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে শেখ রাসেল। পাঁচ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৩। আর চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১০-এ আছে মুক্তিযোদ্ধা।
আজকের খেলা ঃ সাইফ স্পোর্টিং এবং শেখ জামাল।
৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।