স্পোর্টস রিপোর্টার
তামিম-মুশফিকদের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সালমা খাতুন-রুমানা আহমেদরা। প্রায় ১৩ মাস বিরতির পর আগামী এপ্রিলে প্রতিযোগিতুমূলক ক্রিকেট খেলতে নামবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২৮ মার্চ বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে বিসিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ মার্চ ঢাকায় এসে পৌঁছাবে সফরকারীরা। বিমানবন্দর থেকেই সরাসরি সিলেট চলে যাবে প্রোটিয়া নারী দল। পুরো সিরিজই হবে জৈব সুরক্ষা বলয়ের অধীনে।
ঢাকায় নেমেই প্রথম বার করোনা পরীক্ষার নমুনা দেবে প্রোটিয়ারা। তারপর তিন দিন কোয়ারেন্টাইনে থাকবে তারা। কোয়ারেন্টাইনের তৃতীয় দিন দ্বিতীয় বার করোনা পরীক্ষা হবে তাদের। দুই বার নেগেটিভ রিপোর্ট পেলে আগামী ১ এপ্রিল অনুশীলনে নামবে সফরকারীরা।
পাঁচ ওয়ানডের সব কয়টিই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ৪, ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল পরস্পরের মুখোমুখি হবে। সিরিজ শেষে ১৪ এপ্রিল বাংলাদেশ ছাড়বে সফরকারীরা।
এদিকে গত মাসে সিলেটে মাসব্যাপী ক্যাম্প করেছে বাংলাদেশ নারী দল। এখনো সালমাদের নতুন হেড কোচ নিয়োগ দিতে পারেনি বিসিবি। উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বরে পাকিস্তান সফরে সর্বশেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশের মেয়েরা।