আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। ফাঁকা গ্যালারিতেই অনুষ্ঠিত হবে এই ম্যাচ। তবে খুব বেশি দিন অপেক্ষায় ঘরে বসে থাকতে হচ্ছে না দর্শকদের। কেননা চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট থেকেই গ্যালারিতে দর্শক ফেরানোর বন্দোবস্ত করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। যদিও প্রথম দুই ম্যাচের ভেন্যু চেন্নাইতে ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ভারতের তামিলনাড়ু রাজ্য সরকার। কিন্তু সময় কম থাকায় প্রথম ম্যাচের বদলে দ্বিতীয় ম্যাচ থেকেই দর্শক ফেরাতে চায় তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন। তাছাড়া আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে অনুষ্ঠেয় সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্টেও থাকবে দর্শক। ভারতীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআইয়ের এক সূত্র।