জামাই ও শ্বশুরের ভোটযুদ্ধ

হোমনা পৌরসভা নির্বাচন

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে জামাই ও শ্বশুর প্রার্থী হয়েছেন। তারা হলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কাউন্সিলর মো. রাজ মিয়া ও তার মেয়ের জামাই আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ। শ্বশুর রাজ মিয়া উট পাখি প্রতীক এবং জামাই আব্দুস সামাদ গাজর প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইকালে তাদের দুই জনের মনোনয়নপত্রই বৈধ হয়। জামাই-শ্বশুর দুই জনের মনোনয়নপত্র বৈধ হওয়ায় বিপাকে পড়েছেন তাদের আত্মীয়স্বজনরা। 

জানা গেছে, মনোনয়ন বৈধ হওয়ার আগে ও পরে তাদের স্বজনরা দুই জনকে এক করতে পারিবারিকভাবে বেশ কয়েক দফা বসেও ব্যর্থ হন। এ ব্যাপারে জামাই আব্দুস সামাদ বলেন, ‘এখন সময় যুবকদের, এলাকার যুবকরাসহ নেতৃস্থানীয় লোকজন আমার পক্ষে আছে। তাই আমি বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ।’ শ্বশুর রাজ মিয়া বলেন, ‘গত নির্বাচনেও আমার মেয়ের জামাই এ ওয়ার্ডে আমার সঙ্গে কাউন্সিলর পদে নির্বাচন করে হেরেছে। এবারও জনগণ তাকে নয়, আমাকেই ভোট দিয়ে এ ওয়ার্ডের কাউন্সিলর বানাবে। আশা করি, নির্বাচনে জয়ী হতে কোনো বেগ পেতে হবে না।’ এদিকে মেয়ে রুবি আক্তার ও তার মা মিনা আক্তার ঘোষণা দিয়েই নিজ নিজ স্বামীকে জয়ী করতে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। একই সঙ্গে মেয়ে রুবি বাবার বাড়ির আত্মীয়স্বজনদের প্রচারে নামানোর জন্যও জোর চেষ্টা চালাচ্ছেন। উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি হোমনা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।