ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপির সভাপতি মো. মোতাজ্জেল হোসেন মৃধা (৫৬) ইন্তেকাল (ইন্নালিল্লাহি ... রাজিউন) করেন। রবিবার দিবাগত রাত ১২টার দিকে তিনি সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামে নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে রাত পৌঁনে ১টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল সোমবার দুপুর ২টার দিকে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে হাজীডাঙ্গী কবরস্থানে তাকে দাফন করা হয়। মোতাজ্জেল মৃধা চরঝাউকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস আলী মৃধার বড় ছেলে। তিনি চরভদ্রাসন সরকারি কলেজের ছাত্র সংসদের জিএস ছিলেন। ২০১৪ সাল হতে তিনি উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে উপজেলা বিএনপিসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তিনি মা, স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।