৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৬ আগস্ট

ইত্তেফাক রিপোর্ট

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৬ আগস্ট। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা যথাসময়ে সংবাদমাধ্যমে ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। গতকাল সোমবার সরকারি কর্মকমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৭ জানুয়ারি ৪৩তম বিসিএসের অনলাইন আবেদনপত্র জমাদানের সময়সীমা দুই মাস বৃদ্ধি করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টার পরিবর্তে ৩১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনর্নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

গত ৩০ নভেম্বর প্রকাশিত ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।