ম্যাজিস্ট্রেট সেজে পেশকারের চাঁদাবাজি

ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে এবং ম্যাজিস্ট্রেটের গানম্যান পরিচয়ে চাঁদাবাজির সময় রাজধানীর বংশালের জাকির সুপার মার্কেটের সামনে থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারীসহ দুই জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ডিএসসিসির চেইনম্যান ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পেশকার নোবেল হোসেন মিঠু, দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের আনসার ক্যাম্পের ইনচার্জ ও ডিউটি পরিদর্শক (পিসি) শহিদুল ইসলাম। গতকাল সোমবার তাদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত চেইনম্যান মিঠু ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান আহমেদের পেশকার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মরত ছিলেন। নিয়োগপ্রাপ্ত হওয়ার পরদিন থেকেই তার অদক্ষতা, অপেশাদার আচরণ ও মানুষের সঙ্গে দুর্ব্যবহারের কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে একাধিকবার সতর্ক করেছিলেন।

এদিকে, এ ঘটনায় চেইনম্যান নোবেল হাসান মিঠুকে ডিএসসিসি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। একই অপরাধে আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) শহিদুল ইসলামের কর্মকাণ্ড অবহিত করে তার নিয়ন্ত্রণকারী দপ্তরে (আনসার ও ভিডিপির জোন অধিনায়ক, ডিএমএ-দক্ষিণ) অবহিত করে পত্র দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেফতার চেইনম্যান মিঠু ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান আহমেদের পেশকার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মরত ছিলেন। নিয়োগপ্রাপ্ত হওয়ার পরদিন থেকেই তার অদক্ষতা, অপেশাদার আচরণ ও মানুষের সঙ্গে দুর্ব্যবহারের কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে একাধিকবার সতর্ক করেছিলেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।