একজন করোনা আক্রান্ত, পুরো শহর লকডাউনে

অস্ট্রেলিয়ার পার্থ শহরে একটি কোয়ারেন্টাইন হোটেলের এক নিরাপত্তাকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর পুরো শহরে পাঁচ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার থেকে পার্থের প্রায় ২০ লাখ অধিবাসীকে বাড়িতে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী পিল ও সাউথ ওয়েস্ট অঞ্চলেও এই নির্দেশ কার্যকর হবে। এএফপি

গতকাল থেকে পার্থে স্কুল খোলার কথা থাকলেও এই ঘোষণার ফলে তা আবার পিছিয়ে গেল। এছাড়া স্থানীয়রা শুধু শরীরচর্চা, চিকিত্সা, অতি প্রয়োজনীয় কাজ ও খাবার কেনার জন্য বাইরে বের হতে পারবেন। তবে ক্যাফে, বার ও রেস্টুরেন্ট বন্ধ থাকবে। এছাড়া বিয়ের অনুষ্ঠানও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ১০ মাসের মধ্যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় প্রথম কমিউনিটি সংক্রমণের ঘটনা ঘটল। এরপরই পার্থ শহরে লকডাউনের ঘোষণা এলো। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার মার্ক ম্যাকগোয়ান বলেন, ‘আমাদের মডেল হলো এটি অতি দ্রুত ও কঠোরভাবে মোকাবিলা করা। আমরা যেন এটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারি ও কমিউনিটি সংক্রমণ ঠেকাতে পারি সেজন্যই এই ব্যবস্থা।’

কর্তৃপক্ষের ধারণা, অস্ট্রেলিয়ায় ফেরত আসা এক যাত্রী ঐ হোটেলে কোয়ারেন্টাইনে থাকার সময় তার কাছ থেকে নিরাপত্তাকর্মী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঐ যাত্রী যুক্তরাজ্যে পাওয়া করোনা ভাইরাসের নতুন ধরনে আক্তান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।