রাজধানীর যাত্রাবাড়ী কাজলা কাঠের মসজিদ এলাকায় দুর্বৃত্তরা বাসায় ঢুকে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে জখম করেছে। আহতদের মধ্যে স্বামী মো. রাজিব (৩০) মারা গেছে। আর স্ত্রী মোছা. মরিয়ম (২৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। গতকাল সোমবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্বামী ও স্ত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিত্সক রাজিবকে রাত সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করেন। স্ত্রী চিকিত্সাধীন।
নিহতের ফুপাতো ভাই জিহাদ জানান, রাত নয়টার দিকে তিনজন বাসায় ঢুকে রাজিব ও মরিয়মকে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। পরে আমরা গুরুতর আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে আসলে রাজীবকে চিকিত্সকরা মৃত ঘোষণা করে। তিনি বলেন, মরিয়মের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিত্সকরা জানিয়েছেন। কারা-কী কারণে কুপিয়েছে এ বিষয়ে কিছু বলতে পারেননি জিহাদ। তিনি জানান, শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা শাহা আলমের সন্তান রাজিব। বর্তমানে যাত্রাবাড়ি কাজলা কাঠের মসজিদ এলাকার একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। নিহত রাজিব পেশায় টাইলস মিস্ত্রি।