বিষাক্ত মদপানে মৃত্যু

অবৈধ কারখানায় অভিযান শুরু করেছে ডিএমপি

দেশের বিভিন্ন জায়গায় বিষাক্ত মদপানে কয়েকজনের মৃত্যুর ঘটনায় অবৈধ মদ তৈরির কারখানায় অভিযান শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। গতকাল সোমবার রাত ৯টার দিকে রাজধানীর ভাটারা থানার খিলবাড়ীর টেক মুক্তি পল্লী এলাকায় এই অভিযান শুরু হয়েছে। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিসি ওয়ালিদ হোসেন বলেন, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিষাক্ত মদপান করে মানুষের জীবননাশের ঘটনা ঘটছে। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। সেই মদ বিক্রেতাসহ অবৈধ মদের কারখানায় অভিযান করছে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। তিনি আরও বলেন, ১০৮৮ খিলবাড়ীর টেক মুক্তি পল্লী, ইউনিয়ন পরিষদ রোড ভাটারা এলাকায় (বেস্ট ফিউচার স্কুলের কাছে) গতকাল রাতে অভিযান হয়েছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযানের বিস্তারিত জানা যায়নি।

এদিকে দেশের একটি শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সেবা দানকারী ব্যবসায়িক গ্রুপের একদল কর্মী গাজীপুরের একটি রিসোর্ট থেকে ঘুরে আসার পর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই সংস্থার প্রায় তিন ডজন কর্মী গত শুক্রবার গাজীপুরের সারা রিসোর্টে গিয়েছিলেন অবকাশ যাপনে। সেখান থেকে ফেরার পথেই তাদের মধ্যে অসুস্থতা দেখা দেয়। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, সারা রিসোর্টের ঘটনায় এ পর্যন্ত তিনজন মারা গেছেন। তাদের মধ্যে শিহাব জহির রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে এবং কায়সার আহমেদ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান রবিবার সকালে। আর গতকাল সোমবার সকালে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে শরীফ জামান নামে আরেকজনের মৃত্যু হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. শহিদুল্লাহ জানান। অ্যালকোহল থেকেই বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।