ঠাকুরগাঁওয়ে ধর্ষণের শিকার এক গৃহবধূর পরিবারকে বাড়ি ছাড়ার হুমকি দেওযার অভিযোগ ওঠেছে। সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মূজাবন্নী কুমারপাড়া গ্রামের নিশি পালের (৩৫) বিরুদ্ধে এই অভিযোগ করেন ভুক্তভোগী।
ওই নারীর অভিযোগ, ২২ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হয়ে ওৎ পেতে থাকা প্রতিবেশী নিশি পালের লালসার শিকার হন তিনি। পরে তাকে নানা ধরনের হুমকি দেওয়া হয় ঘটনা ধামাচাপা দিতে। পরদিন অসুস্থ ওই নারী পঞ্চগড় জেলার বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেন।
ধর্ষণের শিকার ওই নারীর স্বামী বলেন, জোরপূর্বক চেয়ারম্যানের উপস্থিতিতে এই ঘটনার নামমাত্র মীমাংসা করা হয়েছে। এখন তাদের ভিটেমাটি ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, এমন সালিশ জীবনেও দেখিনি। ধর্ষণের ঘটনা কি মাফ হয়?
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ওই সালিশ মীমাংসায় আমি ছিলাম না। আমি শুনে চলে এসেছি।
ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/জেডএইচ