বগুড়ার শিবগঞ্জ উপজেলার পল্লীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ তথ্য জানিয়েছেন।
এর আগে সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সোনাতলা থানার ঝিনারপাড়া গ্রামে শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আবুল কালাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সোমবার বিকেলে শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর (এসআই) আনিস ও এএসআই মিজান সোনাতলা থানার ঝিনারপাড়া গ্রামে যান। তারা ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে আবুল কালামকে (৪০) আটক করে হাতে হ্যান্ডকাফ লাগায়। এসময় তার পরিবারের স্বজনরা গ্রেফতারের কারণ জানতে চায়। এসময় পুলিশ জানায় তার কাছে ফেনসিডিল পাওয়া গেছে। কিন্তু ফেনসিডিল দেখাতে না পারলে গ্রামের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে আবুল কালামকে ছিনিয়ে নেয়। স্বজনদের অভিযোগ পুলিশ তাকে গ্রেফতার করে পকেটে ফেনসিডিল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে।
স্থানীয় ইউপি সদস্য টুকু মিয়া বলেন, শিবগঞ্জ থানা পুলিশ সোনাতলা থানা এলাকায় প্রবেশ করে কোন অভিযোগ ছাড়াই আবুল কালামকে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার স্বজনরা ছিনিয়ে নেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, আবুল কালাম মাদক ব্যবসায়ী। তার বাড়ি সোনাতলা থানায় হলেও শিবগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিলো। আসামির আত্মীয় স্বজনেরা পুলিশকে মারপিট করে তাকে ছিনিয়ে নেয়। তাদের হামলায় এসআই আনিস ও এএসআই মিজান আহত হয়। এঘটনায় এসআই আনিস বাদি হয়ে মামলা করেছে। সেই মামলায় রাতেই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, আবুল কালামের নামে সোনাতলা থানায় কোন মামলা নাই। আগে মামলা থাকলেও বর্তমানে জামিনে আছেন।
ইত্তেফাক/এমএএম