নবাবগঞ্জে বিধবা নারীকে ধর্ষণ, গ্রেফতার ২

ঢাকার নবাবগঞ্জে এক দিনমজুর বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে মো. সাহেদ আলী (৫০) ও বাহের মাতাব্বরকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ।  মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তেলেঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত সাহেদ আলী ওই গ্রামের মৃত শেখ সুলতানের ছেলে ও বাহের খৈমদ্দিনের ছেলে।

পুলিশ সূত্র জানায়, সোমবার দুপুর ১টার দিকে তেলেঙ্গা ও কৈলাইল গ্রামের পাশে খুদু মেম্বারের বাগানের সামনে নির্জন স্থানে সাহেদ আলী ও বাহের মাতাব্বর ওই এলাকার বিধবা নারীকে জোরপূর্বক ধর্ষণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী নদীতে নৌকা পারাপার করে জীবিকা নির্বাহ করে। ঘটনার পর সোমবার সন্ধ্যায় স্থানীয় কৈলাইল গ্রামের মাতাব্বর আইনুল হোসেন চৌধুরী ও ফতু মাতাব্বর বিষয়টি ধামাচাপা দিতে গ্রাম্য শালিসী করে। এসময় মহিলার চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা দেয়া হয়। কিন্তু বিষয়টি এলাকার ক্ষুদ্ধ জনতা মানতে না পেরে থানা পুলিশকে জানায়। 

এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনজার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, খবর ও অভিযোগের ভিত্তিতে তেলেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত ২ ধর্ষককে গ্রেফতার করে। এছাড়া ভূক্তভোগী নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলছে। 


ইত্তেফাক/এনএ