এনআরবিসি ব্যাংকের আইপিও আবেদন শুরু আজ

ইত্তেফাক রিপোর্ট

দীর্ঘ ১২ বছর পর পুঁজিবাজারে নিবন্ধিত হতে যাচ্ছে একটি ব্যাংক। ইলেকট্রনিকস সাবস্ক্রিপশন পদ্ধতিতে আজ বুধবার থেকে গণপ্রস্তাব (আইপিও) চাঁদা গ্রহণ শুরু করছে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন করতে পারবেন। ব্যাংকসূত্র জানায়, ফিক্সড প্রাইজ পদ্ধতিতে ব্যাংকটি ১২০ কোটি টাকা মূল্যের ১২ কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের ইস্যুমূল্য ১০ টাকা। এই অর্থ দিয়ে সরকারি সিকিউরিটিজ কেনা, সেকেন্ডারি বাজারে বিনিয়োগ এবং আইপিও প্রক্রিয়ার ব্যয় নির্বাহ করা হবে। ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, ব্যাংকের সম্পদের মূল মালিক আমানতকারীরা। তাই ব্যাংকটিকে জনগণের মালিকানা প্রতিষ্ঠিত করতে পুঁজিবাজারে নিবন্ধিত হতে যাচ্ছি। এতে আরেকটি নিয়ন্ত্রক সংস্থার  অধীনে আমরা যাব। ফলে ব্যাংকের সুশাসন ও কমপ্লায়েন্স নিশ্চিত করা আরো সহজ হবে।

পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের বিষয়ে গত বছরের ১৮ নভেম্বরে অনুমোদন পায় এনআরবিসি। ব্যাংকটি ২০১৩ সালে ২০ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়ে ঐ বছরের ২ এপ্রিল কার্যক্রম শুরু করে। বর্তমানে ব্যাংকটির ৮৩টি শাখা, ৪০০টি উপশাখা এবং ৫৮৯টি এজেন্ট রয়েছে। ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৩ টাকা ৮৬ পয়সা। গত পাঁচ বছরের ভারিত গড়হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। সর্বশেষ হিসেবে, গত বছর শেষে ব্যাংকটির আমানত দাঁড়িয়েছে ৯ হাজার ৪৮০ কোটি টাকা এবং ঋণের পরিমাণ ৭ হাজার ৪৬২ কোটি টাকা।