মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের দাবি
মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির প্রয়োজনীয় উপাদান উত্পাদনে মাত্র কয়েক সপ্তাহ দূরে অবস্থান করছে। তিনি বলেন, ‘বর্তমানে যেভাবে দেশটি এ লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে, তাতে আমরা এই আশঙ্কাকে উড়িয়ে দিতে পারি না।’ গত সোমবার এনবিসি টেলিভিশনে দেওয়া সাক্ষাত্কারে তিনি এ দাবি করেন। খবর আরব নিউজের
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনি প্রতিশ্রুতি ছিল ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফেরা। ক্ষমতা গ্রহণের পর তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। সেই লক্ষ্যে নতুন প্রশাসন কাজ করে যাচ্ছে বলে বিভিন্ন সংবাদ সংস্থার খবরে দাবি করা হয়েছে। যদিও বাইডেনের এই সিদ্ধান্তকে স্বাভাবিকভাবে নেয়নি ইসরাইল। তারা এর বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে। ঐ দিন ব্লিনকেন বলেন, ইরান যে পথে হাঁটছে, সেই বিবেচনায় তার পরমাণু অস্ত্র তৈরির প্রয়োজনীয় উপাদান প্রস্তুতে কয়েক সপ্তাহ লাগতে পারে। দেশটি যদি ২০১৫ সালের পরমাণু চুক্তির শর্ত অব্যাহতভাবে লঙ্ঘন করতে থাকে, তাহলে এমনটি হতে পারে। বিশ্লেষকেরা বলছেন, ইরানকে পরমাণু কর্মসূচি থেকে দূরে রাখতে যে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান রয়েছে, তা বর্তমানে চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। কেননা, তেহরান চেয়েছিল তাদের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার খড়্গ তুলে নেওয়া হবে। বিনিময়ে তারা পরমাণু কর্মসূচি থেকে সরে আসবে। এ কারণে নতুন বাইডেন প্রশাসনের এ বিষয়টি এখন বড় চ্যালেঞ্জ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ইরানের সঙ্গে আরো পাঁচটি দেশকে নিয়ে পরমাণু সমঝোতা চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র। পরবর্তী সময়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসেন। এরপর থেকে ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপ হতে থাকে। ফলশ্রুতিতে ইরানও তার আগের অবস্থানে ফিরে গিয়ে আবার তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে নিজেদের সম্পৃক্ত করে। অবশ্য ইরানের বিরুদ্ধে আনা এসব অভিযোগ তারা বরাবরই অস্বীকার করে আসছে। তারা বলছে, শুধু বেসামরিক কাজে ব্যবহারের জন্যই পরমাণু কর্মসূচি চালানো হচ্ছে। এর সঙ্গে পরমাণু অস্ত্র তৈরির কোনো সম্পর্ক নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান যদি জেসিপিওএতে ফিরে এসে তাদের সঙ্গে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী সম্পর্কে এগিয়ে আসে, তাহলে তারা একে সাধুবাদ জানাবে। যদিও ইরানের তরফ থেকে এখনো এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।