গ্যালারিতে বসে সংসদ অধিবেশনের কার্যক্রম দেখলেন রাষ্ট্রপতি

ইত্তেফাক রিপোর্ট

শেষ হলো চলতি একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন। এ অধিবেশন চলেছে ১২ কার্যদিবস। ইংরেজি নতুন বছর ২০২১ সালের প্রথম এই অধিবেশনের প্রথম বৈঠকে নিয়ম অনুযায়ী ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল মঙ্গলবার অধিবেশন সমাপ্তির বিষয়ে রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে অধিবেশন শেষ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গত ১৮ জানুয়ারি অধিবেশন শুরু হয়েছিল। অধিবেশন শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করে করে সংসদ। রাষ্ট্রপতি সংসদ কক্ষে ‘রাষ্ট্রপতির গ্যালারি’তে বসে অধিবেশনের শেষদিনের কার্যক্রম প্রত্যক্ষ করেন। অধিবেশন শেষ হওয়ার আগে ১৯৭৫ সালের ১১ জানুয়ারি বাংলাদেশ সামরিক অ্যাকাডেমির প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণটি সংসদে দেখানো হয়।

অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর ১৩২ জন সংসদ সদস্য ২৫ ঘণ্টা ২৫ মিনিট আলোচনা করেন। এ অধিবেশনে মোট ছয়টি বিল পাশ হয়েছে। কার্যপ্রণালি-বিধির ৭১ বিধিতে ৪৬টি নোটিশ পাওয়া যায়, যার মধ্যে একটিও আলোচনায় আসেনি। সাধারণত বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। তবে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে অধিবেশন সংক্ষিপ্ত হয়েছে।