জাবি সংবাদদাতা
তিন কার্যদিবসের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার তারিখ ও শিক্ষা কার্যক্রমের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণসহ তিন দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্যের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এ স্মারকলিপি গ্রহণ করেন। তাদের অন্য দাবিগুলো হলো—আবাসিক হলে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে যথাযথভাবে হলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণে ব্যবস্থা এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে সপ্তাহে পাঁচ দিন প্রশাসনিক কার্যক্রম চালু। স্মারকলিপি প্রদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি বায়েজিদ রানা, সাংগঠনিক সম্পাদক আকলিমা আক্তার এশা প্রমুখ।