সাটুরিয়ায় সন্ত্রাসী হামলা মহিলাসহ আহত ৩

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

সাটুরিয়ায় রাস্তা তৈরি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সোমবার এক পরিবারের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এতে ছয় বছরের শিশু ও দুই মহিলাসহ তিন জন আহত হয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের সাটুরিয়া পালপাড়া গ্রামে মো. রফিকুল ইসলাম খান জোরপূর্বক একই গ্রামের বাসুদেব পালের বসতবাড়ির জমির মধ্য দিয়ে রাস্তা নেওয়ার পাঁয়তারা করেন। এ রাস্তা না দেওয়ার কারণে রফিকুল ইসলাম খান ১৫/২০ জন ভাড়া করা সন্ত্রাসী নিয়ে বাসুদেব পালের জমির ওপর থাকা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। এ সময় দুই মহিলা ও এক শিশুসহ তিন জন আহত হয়। আহতরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিত্সা গ্রহণ করেছেন। এ ব্যাপারে সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রফিকুল ইসলাম খান অবশ্য হামলা-ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেছেন। এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক পুলিশ (এসআই) বিনয় সরকার জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলার প্রস্তুতি চলছে।