সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
‘তিন প্রকল্পের কাজ না করেই টাকা আত্মসাত্, সিংগাইরে ইউপি চেয়ারম্যানের জালিয়াতি’ শিরোনামে গত ৩১ জানুয়ারি দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশিত হওয়ার পরদিন রাতের আঁধারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রাস্তা নির্মাণের কাজ শুরু করেছেন। উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাহিদুল ইসলাম ভূঁইয়া তার অপকর্মকে ধামাচাপা এবং তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার জন্য অতি কৌশলে নিয়ম বহির্ভূতভাবে এক্সাভেটর দিয়ে দ্রুত গতিতে রাস্তার কাজ করছেন বলে জানা গেছে। উক্ত প্রকল্পটি হচ্ছে আঠালিয়া পূর্বপাড়া জাইল্যা গ্রামে কালামের মোড় থেকে হাবুর বাড়ি পর্যন্ত রাস্তার কাজ। তবে গত অর্থ বছরের অন্য প্রকল্পগুলোর মধ্যে ধল্লা বাজার খেয়াঘাটের মাটি ভরাট ও ব্রিজ নির্মাণ, ভূমদক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বালু দিয়ে ভরাট ও পূর্ব আঠালিয়া মস্তানের মসজিদ থেকে বাচ্চু খানের বাড়ির পর্যন্ত রাস্তার কাজ এখনো হয়নি । এছাড়া দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি গভীর নলকূপও তার এবং স্বজনদের বাড়িতে স্থাপন করা হয়েছে।
জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট কোহিনুর ইসলাম সানি ও এলাকাবাসী জানান, দৈনিক ইত্তেফাকে এ ব্যাপারে সংবাদ প্রকাশিত হওয়ার পরই বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করতে পারে যে কোনো মুহূর্তে। সংবাদটিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য শ্রমিক দিয়ে না করিয়ে চেয়ারম্যান রাতের আঁধারেই যন্ত্র দিয়ে তড়িঘড়ি করে এ কাজ করছে তার অপকর্মকে ধামাচাপা দেওয়ার জন্যে। এদিকে এক্সাভেটর দিয়ে কাজ করায় কৃষকদের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।