শোক সংবাদ

জাহানারা আক্তার

কুমিল্লার মনোহরগঞ্জের দুর্গাপুর নিবাসী জাহানারা আক্তার (৮২) গত রবিবার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও ছয় মেয়ে রেখে যান। গত সোমবার বাদ আসর নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, কান্দিরপাড় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, ব্যাংক কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, কুমিল্লা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. সালেহ আহম্মদ উপস্থিত ছিলেন।

নূরজাহান বেগম

নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজনের মা  নূরজাহান বেগম (৭৮) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। গতকাল মঙ্গলবার ময়মনসিংহের হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সংরক্ষিত মহিলা আসন ৩১৮-এর সংসদ সদস্য জাকিয়া পারভীন খানম মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজু (রাজ্জাক সরকার), মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি ও পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান শোক প্রকাশ করেছেন।

আহম্মদ আলী

 দৈনিক ইত্তেফাক পত্রিকার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সংবাদদাতা দিলদার হোসেনের পিতা আহম্মদ আলী (৮০) গতকাল মঙ্গলবার উপজেলার টিএন্ডটি পাড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আজাদ আলী, সাবেক সাধারণ সম্পাদক সজল কুমার দাস, নির্বাহী সদস্য প্রদীপ অধিকারী, পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব প্রমুখ শোক প্রকাশ করেন।

মুনসুর আহমেদ

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক প্রশাসক মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ গত সোমবার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় (৭৩) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও এক  মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলাম জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ও পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

মো. তারিকুল ইসলাম নয়া

টাঙ্গাইলের মির্জাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ১০ নম্বর গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম নয়া (৫৭) গতকাল মঙ্গলবার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বাদ আসর গোড়াই জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. একাব্বর হোসেন এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক সাবেক এমপি এবং উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী প্রমুখ।

কাজী আয়েশা সিদ্দিকী

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর কবির নানকের বড় মামি, অবসরপ্রাপ্ত কর্মকর্তা মরহুম কাজী মজিবুর রহমানের স্ত্রী কাজী আয়েশা সিদ্দিকী (৭০) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত সোমবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ আসর আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামে নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও মরহুমার ভাগ্নে জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা মহানগর আওয়ামী লীগের (দ.) সহসভাপতি সহিদ সেরনিয়াবাতসহ স্থানীয় মুসল্লিরা।

ডা. কৃষ্ণ দয়াল দাস

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক, ভোলাব কালীবাড়ীর প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা  ডা. কৃষ্ণ দয়াল দাস (৮১) সোমবার বিকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে পরলোক গমন করেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তার বিদেহী আত্মার সদগতির উদ্দেশ্যে আগামী ১৩ ফেব্রুয়ারি ভোলাবো গ্রামে আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠিত হবে।