রাজাপুরে নিঃসন্তান বৃদ্ধার জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ!

ঝালকাঠির রাজাপুরে সন্তানহীন অসহায় এক বৃদ্ধার জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে জমির কেয়ারটেকারের দায়িত্বে থাকা মো. শাহিন হাওলাদারের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সাংবাদিক ও স্থানীয় থানা পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন জমির মালিক শাহিনুর বেগম।

অভিযোগে জানা যায়, উপজেলা সদরের টিএন্ডটি সড়কে অবস্থিত ঐ জমিতে মো. তুজাম্বর আলী জমাদ্দারের মেয়ে সন্তানহীন শাহিনুর ছোট একটি ঘর নির্মাণ করে একা বসবাস করতেন। আসামি উপজেলার কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসার শিক্ষক শাহিন কেয়ারটেকার হিসেবে তাকে দেখাশোনা করতেন। চার মাস পূর্ব থেকে শাহিনুর বেগম অসুস্থ হয়ে ঢাকায় চিকিত্সাধীন থাকার সুযোগে শাহিন তার জমিতে অবৈধভাবে ভবন নির্মাণ করেন। এছাড়াও শাহিন জাল-জালিয়াতির মাধ্যমে ঐ জমির দলিল তৈরি করেছেন বলেও প্রতিবেশীদের কাছ থেকে তিনি জানতে পারেন। এ অবস্থায় নিরুপায় হয়ে শাহিনুর বেগম আইনের সহায়তা প্রার্থনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. শাহিন হাওলাদার জানান, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, আমি আমার জমিতেই ভবন নির্মাণ করছি।

রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ইমেইলে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।