বগুড়ায় বিষাক্ত মদপানে আরো চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সোমবার রাতে এক জন এবং বাড়িতে মারা গেছেন তিন জন। এদের মধ্যে দুই জন রিকশাচালক। এর আগে একই ঘটনায় মারা গেছেন ছয় জন। এ নিয়ে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়াল ১০। নতুন করে মারা যাওয়া চার জন হলেন—শহরের তিনমাথা পুরান বগুড়া এলাকার প্রেমনাথ রবিদাস (৭০), বগুড়া সদরের ফাঁপোড় এলাকার রিকশাচালক জুলফিকার রহমান (৫৬), ফুলবাড়ী মধ্যপাড়ার রিকশাচালক আবদুল জলিল (৬৫) ও কাহালু পৌর এলাকার উলুট মহল্লার অটোরিকশাচালক কালাম (৫০)।
এর আগে রবিবার রাত থেকে সোমবার দিনের বিভিন্ন সময়ে মারা গেছেন বগুড়া শহরের ফুলবাড়ী এলাকার কারখানা শ্রমিক পলাশ (৩৪), শহরের কাটনারপাড়া এলাকার হোটেল শ্রমিক সাজু মিয়া (৫৫), পুরান বগুড়া দক্ষিণপাড়া এলাকার সুমন রবিদাস (৩৮), বগুড়া শহরের চারমাথা ভবেরবাজার এলাকার হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেন (৫৫), শহরের তিনমাথা পুরান বগুড়া এলাকার রাজমিস্ত্রি রমজান আলী (৬০) ও কাটনারপাড়া হটুমিয়া লেনের বাবুর্চি মোজাহার আলী (৭৫)।
এছাড়া মদপানে অসুস্থ হয়ে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন শহরের পুরান বগুড়া তিনমাথা এলাকার রামনাথ রবিদাস (৬৫), শিববাটি এলাকার হোটেল শ্রমিক রঞ্জু মিয়া (৪০), ফুলবাড়ী এলাকার ইলেকট্রিক মিস্ত্রি আইয়ুব আলী (৩৯) ও একই এলাকার পায়েল (৩৮)।