শেয়ারবাজারে বিনিয়োগকারী খুঁজতে আরব আমিরাতের দুবাইয়ে রোড শো করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, ভালো ভালো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে হলে ছাড় দিয়ে আনতে হবে। তালিকাভুক্ত হতে গেলে বহুজাতিক কোম্পানিগুলোর খরচ কিছুটা বেড়ে যাবে। এক্ষেত্রে তিনি তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান বর্তমানের সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা উচিত বলে মন্তব্য করেন।
বিএসইসি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির কর হারের পার্থক্য ছিল ১০ শতাংশ। গত অর্থবছরের বাজেটে এই ব্যবধান কমিয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছিল। কিন্তু এই ব্যবধান ১৫ শতাংশে নিয়ে যেতে আমরা অনুরোধ করব। বর্তমানে তালিকাভুক্ত কোম্পানির কর হার ২৫ শতাংশ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি দুবাইয়ে রোড শো অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে বাংলাদেশে পুঁজিবাজারে বিনিয়োগে উচ্চ মুনাফার বিষয়টি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হবে।