নবাবগঞ্জে বিধবা নারীকে ধর্ষণ গ্রেফতার ২

ঢাকার নবাবগঞ্জে এক দিনমজুর বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে মো.সাহেদ আলী (৫০) ও বাহের মাতাব্বারকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার তেলেঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাহেদ আলী ঐ গ্রামের মৃত শেখ সুলতানের ছেলে ও বাহের খৈমদ্দিনের ছেলে।

পুলিশ সূত্র জানায়, সোমবার দুপুরে তেলেঙ্গা ও কৈলাইল গ্রামের পাশে নির্জন স্থানে সাহেদ আলী ও বাহের মাতাব্বর ঐ এলাকার বিধবা নারীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে ধর্ষণের শিকার নারীর স্বজনরা পুলিশকে জানায়।

এ বিষয়ে কৈলাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য বিজয় বাড়ৈ ও কৈলাইল গ্রামের বাসিন্দা জুয়েল কুমার সিং বলেন, একজন দিনমজুর বিধবা নারীর ওপর যে পাশবিক নির্যাতন চালিয়েছে তা খুবই দুঃখজনক। আমরা এলাকাবাসীর হয়ে তার সুষ্ঠু বিচার চাই। যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তির দাবি করছি।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, ভুক্তভোগী নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।