রাজধানীর হাতিরঝিলে মঙ্গলবার অভিযান চালিয়ে ৫২ কিশোরকে আটক করেছে পুলিশ। গত বুধবার থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত দেড় শতাধিক কিশোরকে আটক করা হলো।
হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, হাতিরঝিলের সড়ক ও লেকে শত শত মানুষ তাদের পরিবার নিয়ে ঘুরতে আসেন। কিন্তু এক শ্রেণীর কিশোর রয়েছে, যারা উচ্চ শব্দে মোটরসাইকেল চালিয়ে পরিবেশ নষ্ট করে। এদের মধ্যে কেউ কেউ তরুনীদের টিজ করে। মঙ্গলবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত অভিযান চালিয়ে ৫২ কিশোরকে আটক করা হয়েছে। এর আগে সোমবার আটক করা হয় ৩১ জনকে। শনিবার আটক করা হয় ৬০ জনকে। মঙ্গলবারের আটক ৫২ কিশোরের তথ্য-উপাত্ত যাচাই শেষে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আটককৃতদের হাতিরঝিল এলাকায় আর আসবে না এবং প্রতি সপ্তাহে একবার হাতিরঝিল থানায় হাজিরা দিতে হবে এমন মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।